রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে দেশে কার্যকর ভূমিকা রেখে চলেছে। অবৈধ বিস্ফোরক দ্রব্যের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধ এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাব নিয়মিতভাবে গোয়েন্দা ভিত্তিক তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে র্যাব “জিরো টলারেন্স” নীতিতে রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকান্ড কঠোরভাবে দমন করছে।
অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক নির্মূলে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য ০১/০৮/২০২৬ তারিখ রাত অনুমান ০৪.১০ ঘটিকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা করা কালে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গুহ লক্ষীপুর এলাকার কুটিবাড়ীর লাশকাটা ঘর সংলগ্ন জনৈক শাহিন মোল্লা এর বসত বাড়ীর শয়ন কক্ষ হতে ০১ (এক) টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধারপূর্বক ০১ জন অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অস্ত্রধারী ব্যক্তির নাম মোঃ শাহিন মোল্লা (৩৩), পিতা-মোঃ তারা মোল্লা, সাং-গুহ লক্ষীপুর, ০২নং কুটিবাড়ী, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর বলে জানা যায়। উল্লেখ্য, গ্রেফতারকৃত শাহিন মোল্লা (৩৩) এর নামে মাদক ও চুরি সহ মোট তিনটি মামলা রুজু আছে।
র্যাব-১০ এর নিরবচ্ছিন্ন গোয়েন্দা তৎপরতা, দ্রুত প্রতিক্রিয়া ও পেশাদারিত্বের একটি উদাহরণ ছিল এই অভিযান। অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্রের উৎস ও ব্যবহারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে র্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
