ভারত থেকে আমদানি শুরু হওয়ায় রাজধানীর খুচরা বাজারে গেল সপ্তাহের তুলনায় কাঁচা মরিচের দামে কিছুটা কমতির আভাস দেখা গেছে। তবে সবজি, ডিমসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া দর বহাল থাকায় বাজারে গিয়ে স্বস্তি পাচ্ছেন না সাধারণ ক্রেতারা।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে যে কাঁচা মরিচ প্রতি কেজি ৪০০ টাকায় উঠেছিল, তা বর্তমানে কমে কেজিপ্রতি ২৮০ থেকে ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে ঢাকার খুচরা বাজারে মরিচের দাম কেজিতে ৮০ থেকে ১২০ টাকা পর্যন্ত কমেছে।

খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা জানান, ভারতীয় মরিচ বাজারে আসায় সরবরাহ বেড়েছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে দামে। তবে সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন স্থানে ফসলের ক্ষতি হওয়ায় অন্য সবজির সরবরাহ কমে পাইকারি দাম চড়া রয়েছে।

এদিকে কাঁচা মরিচে স্বস্তি মিললেও অস্থিতিশীল হয়ে উঠেছে ডিমের বাজার। টানা দুই সপ্তাহ ধরে বেড়েছে ফার্মের মুরগির ডিমের দাম। পাড়া-মহল্লার দোকানগুলোতে বাদামি রঙের এক ডজন ডিমের দাম ১৬০ টাকা পর্যন্ত ঠেকেছে, যদিও বড় বাজারগুলোতে তা ১৫০ টাকায় মিলছে।

সবজির বাজারে গোল বেগুন প্রতি কেজি প্রায় ১৫০ টাকা, ধুন্দল, ঝিঙা ও চিচিঙা ৮০ থেকে ১০০ টাকা, এবং করলা ৯০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। তবে মানভেদে লম্বা বেগুন ৮০ থেকে ১০০ টাকা এবং শসা ৬০ থেকে ৮০ টাকায় নেমেছে। পেঁয়াজ প্রতি কেজি ৬০ টাকা এবং আলু প্রতি কেজি ৩০ টাকা দরে অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে, প্রতি কেজি ব্রয়লার ১৮০ থেকে ২০০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতারা জানান, দু-একটি পণ্যের দাম কমলেও ডিম ও অন্যান্য সবজির দাম চড়া থাকায় মোট বাজার খরচে তেমন কোনো প্রভাব পড়ছে না।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *