রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে রেস্তোরাঁর একজন নিরাপত্তারক্ষী, একজন আমন্ত্রিত অতিথি এবং বিস্ফোরক বহনকারী সন্দেহভাজন নারী রয়েছেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এ খবর নিশ্চিত করেছে।
রাশিয়ার ন্যাশনাল অ্যান্টি-টেররিজম কমিটির বরাতে জানা গেছে, শনিবার মস্কোর কুদ্রিনস্কায়া স্কয়ারে অবস্থিত ‘বালজি রসি’ (Balzi Rossi) নামের একটি অভিজাত রেস্তোরাঁয় ব্যক্তিগত অনুষ্ঠান চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
রুশ কর্তৃপক্ষের দাবি, এক অজ্ঞাতপরিচয় নারী একটি শক্তিশালী হাতে তৈরি বিস্ফোরক ডিভাইস (IED) নিয়ে রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করেন। সে সময় রেস্তোরাঁর দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী তাকে দরজায় আটকে দিলে প্রবেশের আগেই মূল গেটে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই নিরাপত্তারক্ষী, এক অতিথি এবং ওই নারী ছিন্নভিন্ন হয়ে নিহত হন।
বিস্ফোরণে আহত ২১ জনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
হামলাকারী নারীর পরিচয় বা কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেছে কি না, সে বিষয়ে রুশ কর্তৃপক্ষ এখনো বিস্তারিত কিছু জানায়নি। বিস্ফোরণটি আত্মঘাতী হামলা নাকি অনাকাঙ্ক্ষিত কোনো কারণে ঘটে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, রেস্তোরাঁর খোলামেলা অংশে আয়োজিত ব্যক্তিগত পার্টির অতিথিরাই ছিলেন হামলার মূল লক্ষ্য। সিকিউরিটি চেকপয়েন্টে কড়া নিরাপত্তার কারণে বোমা বহনকারী নারী মূল প্রাঙ্গণে ঢুকতে না পারায় আরও বড় বিপর্যয় থেকে রক্ষা মিলেছে।
