বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে দলের নেতৃত্ব মা-বোনদের প্রতি ন্যূনতম সম্মান দেখাতে ব্যর্থ, তাদের কাছ থেকে বাংলাদেশের অগ্রগতি কখনোই প্রত্যাশা করা যায় না।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, বাংলাদেশে বর্তমানে নতুন এক ধরনের জালেমের আবির্ভাব ঘটেছে। গুপ্ত সংগঠনের লোকজন নতুন জালেমে পরিণত হয়েছে। তিনি অভিযোগ করেন, এসব গোষ্ঠীর নেতারা দেশের নারীদের নিয়ে কলঙ্কিত ও অশালীন ভাষা ব্যবহার করেছেন। যে দলের নেতার মা-বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা ও সম্মান নেই, তাদের দ্বারা দেশ কখনো এগোতে পারে না।
বিএনপি চেয়ারম্যান বলেন, নারীদের পেছনে ফেলে বা ঘরের মধ্যে বন্দি রেখে কোনো জাতি উন্নতি করতে পারে না। দেশ গড়তে হলে নারী ও পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তা না হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।
তিনি আরও অভিযোগ করেন, গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল তৈরি করছে, বিভিন্ন প্রেসে জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। নির্বাচনের আগেই যারা অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করে, তারা কখনো সৎ শাসন প্রতিষ্ঠা করতে পারে না। আইডি হ্যাকের অজুহাতে যারা মিথ্যা বক্তব্য দেয়, তারাও সৎ হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার যেন কেউ হাইজ্যাক করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান।
সমাবেশে তিনি বলেন, ভোলার গ্যাস কাজে লাগিয়ে দক্ষিণাঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বিএনপির। বরিশাল–ভোলা সেতু নির্মাণ, ভোলায় মেডিকেল কলেজ স্থাপন এবং নদীভাঙন সমস্যার সমাধানের লক্ষ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।
নির্বাচিত হলে ১৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী পাঁচ বছর জনগণের পাশে থাকার নির্দেশ দিয়ে নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, বিএনপি বিশ্বাস করে—জনগণই সকল ক্ষমতার উৎস।
