যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) মেধাবী পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আজ শনিবার (৯ মে) দেশে পৌঁছেছে। আজ আসরের নামাজের পর মাদারীপুরে নিজ গ্রামে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আজ সকালে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। নিহতের নানা আব্দুল আলী জানান, বিমানবন্দরে বৃষ্টির বাবা-মা ও স্বজনরা উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেছেন। সেখান থেকে মরদেহ সরাসরি মাদারীপুরের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আসরের নামাজের পর জানাজা শেষে দাদা-দাদির কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

এদিকে, মর্মান্তিক এই হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে বিরল সম্মাননা জানিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাঁদের উভয়কে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। গত ৫ মে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে এক চিঠির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আনুষ্ঠানিক স্বীকৃতির কথা জানায়।

ফিরে দেখা: উল্লেখ্য, গত সপ্তাহে ফ্লোরিডার টাম্পায় নিজ বাসায় লিমন ও বৃষ্টি হত্যাকাণ্ডের শিকার হন। একই ঘটনায় নিহত অপর শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে দেশে আনা হয়েছিল। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে মিয়ামি থেকে এমিরেটসের ফ্লাইটে বৃষ্টির মরদেহ দেশের উদ্দেশে পাঠানো হয়। বিমানে তোলার সময় মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে বুধবার টাম্পায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

মেধাবী এই দুই শিক্ষার্থীর মৃত্যুতে দেশ ও প্রবাসে শোকের ছায়া নেমে এসেছে। মরণোত্তর ডিগ্রি প্রদানের মাধ্যমে তাঁদের মেধার মূল্যায়ন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্বজনরা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *