জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব ও বীরত্বগাথা সংরক্ষণে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান যৌথভাবে এসব তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, উদ্বোধনী দিনে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যক্ষদর্শী যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা তাঁদের স্মৃতিকথা তুলে ধরবেন। পাশাপাশি গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। জাদুঘর নির্মাণ প্রক্রিয়ায় কোনো দুর্নীতির অভিযোগ থাকলে তা সুনির্দিষ্টভাবে পাওয়া মাত্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বস্ত করেন মন্ত্রী।
অন্যদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, টিকিট ব্যবস্থার আধুনিকায়নে অনলাইন ব্যবস্থা রাখা হয়েছে। টিকিট কেটে নির্ধারিত ও সীমিত সংখ্যক দর্শনার্থী প্রতিদিন জাদুঘরে প্রবেশের সুযোগ পাবেন। দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২৫ টাকা।
উপদেষ্টা আরও জানান, উদ্বোধনের পরদিন অর্থাৎ আগামী ৬ আগস্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরটি সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
