বর্ষার মৌসুমি বায়ু প্রবলভাবে সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়া বুলেটিনে জানানো হয়, মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর অতি মাত্রায় সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে।

পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের স্থানভেদে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) ও শনিবার (৮ আগস্ট) সারাদেশে বৃষ্টিপাতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে। এ সময় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রায় সব জায়গায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে।

পরবর্তী দুই দিন অর্থাৎ রবিবার (৯ আগস্ট) ও সোমবার (১০ আগস্ট) দেশের উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ভারী বৃষ্টির প্রবণতা বজায় থাকলেও দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির গতি কিছুটা হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বর্ষার এই টানা পাঁচ দিনের বৃষ্টিপাত শেষ হলে বৃষ্টিপাতের তীব্রতা ধীরে ধীরে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *