কুড়িগ্রামের রৌমারীতে স্ত্রীকে গাছে বেঁধে অমানবিক নির্যাতন করে দেশজুড়ে সমালোচিত হওয়া সেই স্বামী বদিউজ্জামানকে এবার ইয়াবাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমাম হোসেন জানান, সোমবার (১১ মে) গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা দাঁতভাঙ্গা বাজারে অভিযান চালায় বিজিবি। এ সময় ১১ পিস ভারতীয় ইয়াবাসহ বদিউজ্জামানকে (৬০) আটক করা হয়। তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল রৌমারীর দাঁতভাঙ্গা ইউনিয়নে করলা চুরির অভিযোগে স্ত্রী ছালেহাকে গাছে বেঁধে অমানবিক নির্যাতন করেছিলেন এই বদিউজ্জামান। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। তবে পরবর্তীতে রহস্যজনকভাবে তাঁর স্ত্রী ছালেহা স্বামীর নাম বাদ দিয়ে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেন, যার প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলনও করেছিলেন।

রৌমারী থানার ওসি কাওছার আলী জানান, বিজিবির সোপর্দ করা আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকেলেই আদালতের মাধ্যমে তাঁকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, আটক বদিউজ্জামান ও তাঁর স্ত্রী ছালেহা বেগম—উভয়ের বিরুদ্ধেই এলাকায় মাদকের একাধিক মামলা রয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *