রাজধানীর ফুটপাতে দীর্ঘদিনের ‘চাঁদাবাজি’ সংস্কৃতির অবসান ঘটিয়ে সুশৃঙ্খল নীতিমালা প্রণয়ন করেছে সরকার। এখন থেকে দৈনিক চাঁদা নয়, বরং মাসিক ১০০ বা বছরে ১ হাজার টাকা সরকারি ফি দিয়ে নিবন্ধিত হকাররা নির্দিষ্ট স্থানে ব্যবসা করতে পারবেন। স্থানীয় সরকার বিভাগ কর্তৃক অনুমোদিত ‘হকার নীতিমালা’র আলোকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এই কার্যক্রম শুরু করেছে।
নতুন এই নিয়মে হকারদের তথ্য যাচাই-বাছাই করে ‘স্মার্টকার্ড’ প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় ৩০০ হকারকে এই কার্ড দেওয়া হয়েছে। সিটি করপোরেশন ও ডিএমপির যৌথ তদারকিতে গুলিস্তান, নিউমার্কেট এবং মিরপুর ১০ নম্বর এলাকায় হকারদের বসার স্থান নির্ধারণের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সংগৃহীত ফি ফুটপাতের উন্নয়ন, পরিচ্ছন্নতা এবং বর্জ্য ব্যবস্থাপনায় ব্যয় করা হবে।
ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট-এর এক গবেষণা অনুযায়ী, রাজধানীতে ৫ লাখ হকারের কাছ থেকে বছরে প্রায় ১ হাজার ৮২৫ কোটি টাকা চাঁদা আদায় করা হতো, যার ভাগ যেত পুলিশ ও রাজনৈতিক প্রভাবশালী মহলের পকেটে। সিটি করপোরেশনের এই উদ্যোগ সফল হলে একদিকে হকাররা হয়রানিমুক্ত হবেন, অন্যদিকে ফুটপাতে পথচারীদের চলাচলের শৃঙ্খলা ফিরবে বলে আশা করা হচ্ছে।
