অস্ট্রেলিয়ায় সফররত বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে দেশটির কর্তৃপক্ষ। হিটলারের প্রশংসা এবং ইহুদিবিদ্বেষী বক্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বুধবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’।
‘বিশ্বাসের উত্তরাধিকার’ (Legacy of Faith) সিরিজের অংশ হিসেবে ইস্টার ছুটিতে অস্ট্রেলিয়া সফর করছিলেন আজহারী। ব্রিসবেন থেকে শুরু হওয়া এই সফরে মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় তার একাধিক সেমিনারে অংশ নেওয়ার কথা ছিল। তবে সফরের শুরুতেই তার পুরনো কিছু বক্তব্যকে কেন্দ্র করে অস্ট্রেলীয় সংসদ সদস্য ও বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী দেশটির সরকারের কাছে অভিযোগ দায়ের করে।
ডেইলি মেইলের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আজহারী তার অতীতে দেওয়া এক বক্তৃতায় হিটলারকে ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে বর্ণনা করেছিলেন এবং ইহুদিদের ‘বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী’ ও ‘বিষাক্ত কলঙ্ক’ বলে অভিহিত করেছিলেন। এ ছাড়া এইডস-সহ বিশ্বের বিভিন্ন সমস্যার জন্য তিনি ইহুদি সম্প্রদায়কে দায়ী করেছিলেন বলে অভিযোগ উঠেছে।
লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম আজ বুধবার সকালে সিনেটে জানান, আজহারীর আগমন নিয়ে বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠী থেকে তাদের সতর্ক করা হয়েছিল। অভিযোগের সত্যতা যাচাই করে গত মঙ্গলবার (৩১ মার্চ) তার ভিসা বাতিল করা হয়। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া থেকে প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন।
সূত্র – ডেইলি মেইল।
