২০২৬ সালের হজ: প্রস্তুতি ও করণীয় নিয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন
Featured, Latest, News, Popular, Trending #abongtv, #Arafah2026, #BangladeshNews, #HajjJourney, #HajjUpdate, #IslamicGuidelineক্ষমা, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক প্রশান্তির এক অনন্য ইবাদত হজ। ২০২৬ সালের হজের আনুষ্ঠানিকতা শুরু হতে আর দুই সপ্তাহেরও কম সময় বাকি। আগামী ২৫ মে (সোমবার) থেকে হজের মূল কার্যক্রম শুরু হয়ে ৩০ মে (শনিবার) পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকন ‘আরাফা দিবস’ হতে পারে ২৬ মে এবং পরদিন ২৭ মে দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদুল আজহা।
হজ কাদের ওপর ফরজ? ইসলামি বিধান অনুযায়ী, প্রত্যেক প্রাপ্তবয়স্ক, সুস্থ ও শারীরিকভাবে সক্ষম মুসলিমের ওপর জীবনে অন্তত একবার হজ করা ফরজ। তবে শর্ত হলো, হজের যাবতীয় খরচ মেটানোর পর পরিবারের ভরণপোষণ নিশ্চিত করার মতো আর্থিক সচ্ছলতা থাকতে হবে।
শারীরিক প্রস্তুতি ও সতর্কতা:- হজের সফরে মক্কা, মিনা ও আরাফার ময়দানে প্রতিদিন গড়ে ৫ থেকে ১৫ কিলোমিটার হাঁটতে হতে পারে। তীব্র গরমের মধ্যে এই পথ পাড়ি দেওয়া বেশ কষ্টসাধ্য। তাই এখন থেকেই নিয়মিত হাঁটা ও প্রচুর পানি পানের অভ্যাস করা জরুরি। দীর্ঘমেয়াদী রোগ থাকলে সাথে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসকের পরামর্শ রাখা বাধ্যতামূলক।
ইহরাম ও সমতার প্রতীক:– ইহরাম শুধু সেলাইবিহীন কাপড় নয়, এটি হজের একটি বিশেষ মানসিক অবস্থা। পুরুষদের জন্য দুই টুকরো সাদা কাপড় এবং নারীদের জন্য পর্দার সাথে মুখ ও হাত খোলা রাখা যায় এমন পোশাকই হলো ইহরাম। এখানে রাজা-প্রজা, ধনী-দরিদ্র সবার পোশাক এক—যা আল্লাহর দরবারে মানুষের সমতার চূড়ান্ত বহিঃপ্রকাশ।
একনজরে হজের মূল ধাপসমূহ:–
১. ইহরাম ও তওয়াফ: হজের নিয়তে ইহরাম বেঁধে কাবা শরীফ তওয়াফ ও সাফা-মারওয়া সায়ি করা।
২. মিনা ও আরাফা: মিনায় রাত কাটিয়ে হজের মূল রোকন পালনে আরাফার ময়দানে অবস্থান করা।
৩. মুজদালিফা: আরাফা থেকে ফিরে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত কাটানো ও কঙ্কর সংগ্রহ করা।
৪. কঙ্কর নিক্ষেপ ও কোরবানি: মিনায় জামারায় শয়তানকে কঙ্কর মারা, দমে শোকর বা কোরবানি এবং মাথা মুণ্ডনের মাধ্যমে ইহরাম ত্যাগ করা।
৫. বিদায়ী তওয়াফ: মক্কা ত্যাগের আগে শেষবারের মতো কাবা শরীফ তওয়াফের মাধ্যমে হজের সমাপ্তি।
সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা, নিজের পরিচয়পত্র সাথে রাখা এবং ভিড়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলা প্রত্যেক হাজীর জন্য আবশ্যক। হজের মূল উদ্দেশ্য যেন হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন।
