বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের দক্ষতা ও আর্থিক সচেতনতা বাড়াতে কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করেছে বিজিএমইএ এবং ওয়েজলি বাংলাদেশ। এই উদ্যোগের মাধ্যমে ‘ট্রেনিং দ্য ট্রেইনারস’ কর্মসূচির আওতায় ধাপে ধাপে প্রায় ৫০ হাজার পোশাকশ্রমিককে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম পর্যায়ে ৫০টি সদস্য কারখানা নির্বাচন করে তাদের এইচআর কর্মকর্তা, প্রশিক্ষক ও লাইন সুপারভাইজারদের প্রশিক্ষণ দেওয়া হবে; পরে তারা নিজ নিজ কারখানায় শ্রমিকদের প্রশিক্ষণ দেবেন। বিজিএমইএর সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী বলেন, টেকসই উন্নয়নের জন্য শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি ও কল্যাণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়েজলি বাংলাদেশের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নূর এলাহী আশাবাদ ব্যক্ত করেন যে, এই যৌথ উদ্যোগ শিল্পে একটি টেকসই ও কার্যকর দক্ষতা উন্নয়ন মডেল তৈরি করবে। প্রশিক্ষণে আর্থিক সচেতনতা, সফট স্কিল, যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব ও কর্মশৃঙ্খলা বিষয়ক বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
