প্রয়োজনে রাজপথে নেমে ২৪ ঘণ্টার মধ্যে দেশকে রাজাকার মুক্ত করা সম্ভব বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে একটি নির্দিষ্ট দল স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন তিনি।

আজ বুধবার (৩ জুন) দুপুরে নোয়াখালী জেলার সোনাইমুড়ীর নান্দিয়াপাড়ায় অবস্থিত ‘বীরশ্রেষ্ঠ রুহুল আমিন জাদুঘর’ পরিদর্শন শেষে চাটখিল উপজেলা প্রশাসন কর্তৃক বীর মুক্তিযোদ্ধাদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, “৭১-এর মহান মুক্তিযুদ্ধের একক কৃতিত্ব নিয়েছে একটি দল, তেমনি ২৪-এর গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিতে চেয়েছে আরেকটি দল। ৭১-এর মুক্তিযুদ্ধের একক কৃতিত্ব নিতে যাওয়া দলটি দীর্ঘদিন ক্ষমতায় থেকে অন্যায়ভাবে মুক্তিযোদ্ধাদের একটি তালিকা তৈরি করেছে, যা পুরোপুরি প্রশ্নবিদ্ধ।”

অপর দলটির সমালোচনা করে ইশরাক হোসেন আরও বলেন, “অন্যদিকে ২৪-এর কৃতিত্ব নিতে যাওয়া এই দলটি স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত ভূমিকা পালন করছে। এরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তবে দেশবাসী সজাগ রয়েছে; যদি প্রয়োজনে রাজপথে নামতে হয়, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে দেশকে রাজাকার মুক্ত করা সম্ভব হবে।”

চাটখিল জেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের এই সংবর্ধনা অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (এসপি সার্কেল) মনিষ দাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ, আমেরিকা বিএনপি নেতা পরান চৌধুরী, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, চাটখিল পৌরসভার সাবেক সভাপতি দেওয়ান সামছুল আরেফিন শামীম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন টিপু এবং আলাউদ্দিন ভূইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাগণ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *