অস্ট্রেলিয়া থেকে বহিষ্কারের খবর নিয়ে অবশেষে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। বুধবার (১ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, তাকে নিয়ে ছড়ানো সংবাদগুলো বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা মাত্র।

ফেসবুক পোস্টে আজহারী জানান, গত ৫ দিন ধরে তিনি অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন এবং এখন পর্যন্ত সেখানে কোনো প্রকাশ্য বক্তব্য দেননি। ফলে সাম্প্রতিক কোনো বক্তব্যের কারণে তার ভিসা বাতিল হয়েছে—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, “ভিসা বাতিলের কারণ হিসেবে সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য। প্রিয় সাংবাদিক বন্ধুদের ক্ষেত্রে বিষয়টি সহজেই যাচাইযোগ্য।”

তার সফর নিয়ে সৃষ্ট এই পরিস্থিতির পেছনে স্বার্থান্বেষী মহলের হাত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। আজহারী লেখেন, কিছু নির্দিষ্ট পক্ষ তার বহু পুরনো ও বিচ্ছিন্ন বক্তব্যকে প্রেক্ষাপটহীনভাবে তুলে ধরে প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেছে। ইতিপূর্বে যুক্তরাজ্য সফরেও একই ধরনের বাধার সম্মুখীন হয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন।

নিজেকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী দাবি করে তিনি বলেন, তার বহু আলোচনাতেই এই আদর্শ স্পষ্ট। উল্লেখ্য, এর আগে ‘ডেইলি মেইল’সহ বেশ কিছু সংবাদমাধ্যম দাবি করেছিল যে, হিটলার ও ইহুদি নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে আজহারীর ভিসা বাতিল করে তাকে বহিষ্কারের প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *