বলিউড বাদশা শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। সিনেমাটি নিয়ে প্রতিনিয়ত নিত্যনতুন তথ্য সামনে আনছেন নির্মাতারা। সম্প্রতি এই সিনেমার সংগীত পরিচালক জুটি শচীন-জিগার এক সাক্ষাৎকারে এমন কিছু তথ্য ফাঁস করেছেন, যা শাহরুখ ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
সংগীত পরিচালক শচীন-জিগারের মতে, ‘কিং’ সিনেমায় শাহরুখ খানকে এমন এক লুকে দেখা যাবে যা দর্শকরা আগে কখনও কল্পনাও করেনি। তারা জানান, এই সিনেমায় শাহরুখ তার উপস্থাপনায় আমূল পরিবর্তন এনেছেন। বিশেষ করে গানে তার ‘লিপ-সিং’ বা ঠোঁট মেলানোর পদ্ধতিতে এক নতুন ধারা লক্ষ্য করা যাবে। শচীনের দাবি অনুযায়ী, শাহরুখের চরিত্রটি সাধারণ সব ধারণার বাইরে।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় শাহরুখকে দেখা যাবে আন্ডারওয়ার্ল্ডের এক অভিজ্ঞ ‘হিটম্যান’ হিসেবে। গল্পের বড় চমক হিসেবে থাকছেন শাহরুখ-কন্যা সুহানা খান। তিনি এখানে বাদশার শিষ্যের ভূমিকায় অভিনয় করছেন, যাকে বিপজ্জনক সব মিশনের জন্য তৈরি করবেন খোদ কিং খান।
সিনেমাটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ নিশ্চিত করেছেন যে, চলতি বছরের ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘কিং’। ইতিমধ্যে সিনেমার একটি ঝলক প্রকাশ পেয়েছে, যেখানে ধূসর চুল ও তীব্র অ্যাকশন লুকে দেখা গেছে বলিউড বাদশাকে। দীর্ঘ প্রতীক্ষিত এই সিনেমার মাধ্যমে কিং খান নতুন কোনো ইতিহাস রচনা করেন কি না, এখন সেটাই দেখার বিষয়।
