ঈদের আগে শনি ও রবিবার স্বাভাবিক লেনদেন; ২৫ মে থেকে টানা ৭ দিন ব্যাংক বন্ধ
Featured, Latest, News, Popular, Trending #abongtv, #BangladeshNews, #BGMEA_News, #ClearingHouse, #EidBankTiming, #RTGSUpdateপবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী শনিবার (২৩ মে) ও রোববার (২৪ মে) দেশের সব সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক খোলা থাকবে এবং লেনদেনের সময়সূচিও থাকবে সম্পূর্ণ স্বাভাবিক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় শনি ও রবিবার তফসিলি ব্যাংকগুলোর সব শাখা ও উপশাখা স্বাভাবিক নিয়মেই চলবে। এর পরদিন অর্থাৎ সোমবার (২৫ মে) থেকে পরবর্তী রবিবার (৩১ মে) পর্যন্ত টানা সাত দিন দেশজুড়ে ব্যাংক বন্ধ থাকবে।
ঈদের আগে তৈরি পোশাক শিল্প খাতে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধ এবং পোশাক খাতের আমদানি-রফতানি সংশ্লিষ্ট ব্যাংকিং কার্যক্রম সচল রাখার সুবিধার্থে নির্দিষ্ট কিছু এলাকায় ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পের লেনদেন সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে আগামী ২৫ ও ২৬ মে (সোম ও মঙ্গলবার) সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এই দুই দিন সংশ্লিষ্ট ব্যাংকগুলোর অফিস সময়সূচি হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং গ্রাহক লেনদেনের সময়সূচি হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
এই দুই দিন (২৫ ও ২৬ মে) বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (ব্যাচ) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের (আরটিজিএস) কার্যক্রম নতুন সময়সূচিতে পরিচালিত হবে:
- আরটিজিএস (RTGS): গ্রাহকরা তাৎক্ষণিক অর্থ পরিশোধ নিষ্পত্তির জন্য লেনদেন করতে পারবেন সকাল ১০টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত। আর আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
- হাই ভ্যালু চেক ক্লিয়ারিং: হাই ভ্যালু চেক সকাল সাড়ে ১১টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে, যা দুপুর সাড়ে ১২টার মধ্যে নিষ্পত্তি হবে।
- রেগুলার ভ্যালু চেক ক্লিয়ারিং: রেগুলার ভ্যালু চেক দুপুর ১২টার মধ্যে পাঠাতে হবে এবং এগুলো দুপুর ১টার মধ্যে নিষ্পত্তি হবে।
- বিইএফটিএন (BEFTN): বিইএফটিএনের তিনটি সেশন আগের নিয়মিত সময়সূচি অনুযায়ীই সচল থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দেশের সমুদ্র, স্থল ও বিমান বন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলোতে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার আগের নির্দেশনা বহাল থাকবে। এছাড়া ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখতে হবে। এই ছুটির দিনগুলোতে ব্যাংকের যেসব কর্মকর্তা ও কর্মচারী কর্মস্থলে দায়িত্ব পালন করবেন, তারা প্রচলিত বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতাদি (অ্যালাউন্স) পাবেন।
