রাজধানীর উত্তরার একটি ভাড়া বাড়িতে গোপনে ভয়াবহ মাদক ‘কেটামিন’ তৈরির ল্যাব চালানোর অভিযোগে তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (২৫ মার্চ) রাতভর অভিযানে উত্তরা ১০ নম্বর সেক্টরের ১/এ সড়কের একটি বাসা থেকে ৬ কেজি ৩০০ গ্রাম কেটামিন ও বিপুল পরিমাণ কাঁচামালসহ তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন – লি বিন, জু ঝি ও চুনসেং ইয়াং। তারা গত সাত-আট মাস ধরে ওই বাড়িতে অবস্থান করছিলেন। ডিএনসির উপপরিচালক মো. মেহেদী হাসান জানান, একটি কুরিয়ার সার্ভিসের সিসিটিভি ফুটেজ ও পার্সেল প্রেরকের তথ্যের সূত্র ধরে দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর এই অভিযান চালানো হয়। চক্রটিকে ধরতে ডিএনসি কর্মকর্তারা এলাকায় সাধারণ মানুষের বেশে সেহরি পর্যন্ত করেছেন।
অভিযান চলাকালে ওই ফ্ল্যাটে একটি পূর্ণাঙ্গ ল্যাবরেটরির সন্ধান মেলে। সেখান থেকে সালফিউরিক অ্যাসিড, ইথানল, বিকার, ফানেল, হিটার এবং ডিজিটাল মিটারসহ কেটামিন তৈরির সব সরঞ্জাম জব্দ করা হয়। তারা ব্যথানাশক ও স্লিমিং ওষুধ প্রক্রিয়াজাত করে অত্যন্ত দক্ষভাবে এই ভয়াবহ মাদক তৈরি করত।
তদন্তে জানা গেছে, এই চক্রটি একটি বড় আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ। তারা সাউন্ড বক্স, খেলনা ও বিভিন্ন সামগ্রীর ভেতর বিশেষ কায়দায় মাদক লুকিয়ে শ্রীলঙ্কা ও চীনে পাচার করত। ভবনের বাসিন্দারা জানান, রাতে ফ্ল্যাট থেকে মেশিনের বিকট শব্দ আসলেও তারা বুঝতে পারেননি সেখানে মাদক তৈরি হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) টঙ্গি পশ্চিম থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নিয়ে তাদের নেটওয়ার্ক ও কাঁচামাল সরবরাহের উৎস খতিয়ে দেখছে পুলিশ।
