চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসন, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে খাল পুনরুদ্ধার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (৪ আগস্ট) নগরীর চকবাজার ফুলতলা এলাকার রসুলবাগ খাল পরিদর্শনকালে তিনি চলমান খনন, পরিচ্ছন্নতা ও উন্নয়নকাজের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেন। এ সময় তিনি খালের পানিপ্রবাহ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার সার্বিক অবস্থা ঘুরে দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শন শেষে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রামকে পরিচ্ছন্ন, নিরাপদ ও জলাবদ্ধতামুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে খালগুলোর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। খাল শুধু পানি নিষ্কাশনের মাধ্যম নয়, এটি নগরীর পরিবেশগত ভারসাম্য রক্ষারও অন্যতম উপাদান। তাই জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খালের প্রবাহ সচল রাখাই আমাদের মূল অঙ্গীকার।”
তিনি রসুলবাগ খালের চলমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে জানান, কাজের মান ধরে রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে তা সম্পন্ন করায় ঠিকাদারদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করা হচ্ছে।
চসিক মেয়র আরও যোগ করেন, “উন্নয়নকাজ শেষ হলেই দায়িত্ব শেষ হয় না। খালগুলো যাতে পুনরায় দখল, ভরাট কিংবা ময়লা-আবর্জনায় দূষিত না হয়, সে জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা আমাদের লক্ষ্য।”
পরিদর্শনকালে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে মেয়র কর্মকর্তাদের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করে চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ ও জলাবদ্ধতামুক্ত আধুনিক নগরীতে রূপান্তরের আশাবাদ ব্যক্ত করেন।
