চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার নতুন ও সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী, স্থগিত লিখিত পরীক্ষা আগামী ২০ আগস্ট থেকে শুরু হবে এবং চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া ৯ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

নতুন সূচি অনুযায়ী, ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের মাধ্যমে স্থগিত লিখিত পরীক্ষা শুরু হবে। পরবর্তীতে ২২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান ১ম পত্র, হিসাববিজ্ঞান ১ম পত্র ও যুক্তিবিদ্যা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ২৭ আগস্ট সংশ্লিষ্ট বিষয়গুলোর দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৯ আগস্ট সকালে ভূগোল ১ম পত্র এবং বিকেলে আরবি ও পালি ১ম পত্র অনুষ্ঠিত হবে। ৩১ আগস্ট সকালে ভূগোল ২য় পত্র এবং বিকেলে আরবি ও পালি ২য় পত্রের পরীক্ষা নেওয়া হবে। ২ সেপ্টেম্বর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ১ম পত্রের পরীক্ষা এবং ৫ সেপ্টেম্বর সংশ্লিষ্ট বিষয়গুলোর ২য় পত্রের পরীক্ষা নেওয়া হবে। পরবর্তীতে ৭ সেপ্টেম্বর অর্থনীতি ১ম পত্র এবং ৯ সেপ্টেম্বর অর্থনীতি ২য় পত্র পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। কেন্দ্রগুলোতে সকল পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে আসনে উপস্থিত থাকতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিশেষ দ্রষ্টব্য হিসেবে বলা হয়, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস ১ম পত্রের পরীক্ষা আগামী ৭ সেপ্টেম্বর পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে। এছাড়া ব্যবহারিক পরীক্ষার নির্দিষ্ট তারিখ, কেন্দ্র ও সময়ের বিস্তারিত তথ্যের জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রপ্রধানের সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *