বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। মৃত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আইন অনুযায়ী প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করা হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর উপধারা (১) অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হয়।
আইনে আরও বলা হয়েছে, এ ক্ষেত্রে প্রার্থীকে নির্বাচন কমিশন কর্তৃক বৈধ প্রার্থী হিসেবে স্বীকৃত হতে হবে। প্রার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচন স্থগিতের ঘোষণা দেবেন। পরবর্তীতে নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করবে।
তবে আইনে কিছু ব্যতিক্রমও রয়েছে। যদি কোনো প্রার্থী চূড়ান্ত বৈধতা পাওয়ার আগেই মারা যান, অথবা একই আসনে ওই দলের বিকল্প কোনো বৈধ প্রার্থী থাকেন, সে ক্ষেত্রে নির্বাচন স্থগিত করার প্রয়োজন পড়ে না।
প্রসঙ্গত, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। পরিবারের পক্ষ থেকে তার ভাই মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজেও তার মৃত্যুর খবর জানানো হয়।
