স্বপ্নের নায়ক সালমান শাহর অকাল মৃত্যু নিয়ে দীর্ঘদিন পর অবশেষে মুখ খুলেছেন চিত্রনায়িকা শাবনূর। সম্প্রতি সালমান শাহর মৃত্যুকে কেন্দ্র করে রিজভী আহমেদ ওরফে ফরহাদের দেওয়া বিভিন্ন বক্তব্য ও অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের ফেসবুক পেজে দীর্ঘ পোস্টের মাধ্যমে অবস্থান স্পষ্ট করেছেন তিনি। রিজভীর বক্তব্যকে ‘অসংগতিপূর্ণ, বিভ্রান্তিকর ও অসত্য’ হিসেবে অভিহিত করেছেন চলচ্চিত্র অঙ্গনের এই শীর্ষ অভিনেত্রী।
শাবনূর জানান, সালমান শাহর অকাল প্রয়াণের পরই তিনি প্রথম রিজভী আহমেদের নাম শোনেন। রিজভী একসময় সালমান শাহ হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে নিজের জড়িত থাকার কথা স্বীকার করে রাজসাক্ষী হলেও পরবর্তীতে অবস্থান বদলে মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে দাবি করেন। সাম্প্রতিক কিছু সাক্ষাৎকারেও রিজভী একই দাবি তোলার পাশাপাশি এই মৃত্যুর দায় সালমানের মা নীলা চৌধুরী এবং শাবনূরের ওপর চাপানোর চেষ্টা করেন।
নিজের ওপর আনা সব অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে শাবনূর বলেন, রিজভীর সাথে তার ব্যক্তিগত বা পেশাগত কোনো যোগাযোগ ছিল না। ২০১৬ সালে তাদের বিয়ে এবং ২০১৮ সালে বিচ্ছেদের যে দাবি রিজভী করেছেন, তাকে পুরোপুরি ভিত্তিহীন উল্লেখ করে শাবনূর জানান—ওই সময়ের অনেক আগেই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন এবং রিজভীকে তিনি ব্যক্তিগতভাবে চেনেনই না। রিজভীর এই দাবিকে ব্যঙ্গ করে তিনি বলেন, “তার কথা শুনে মনে হচ্ছে বাস্তবে কোনো বিয়ে নয়, হয়তো ‘স্বপ্নের বাসর’ হয়েছিল!”
একই সাথে সালমান শাহকে ব্ল্যাকমেইল করা কিংবা তার সাথে সম্পর্কের বিষয়ে রিজভীর মন্তব্যকে মানহানিকর ও বানোয়াট বলে আখ্যা দেন তিনি।
সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত দাবি করে পোস্টের শেষ অংশে শাবনূর বলেন, “আমি বরাবরের মতোই স্পষ্ট করে বলতে চাই, সালমান শাহর মৃত্যু বা হত্যাকাণ্ডের সঙ্গে আমার বিন্দুমাত্র কোনো সংযোগ ছিল না। তিনি কীভাবে মারা গেছেন সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। সালমান শাহ শুধু একজন জনপ্রিয় নায়কই ছিলেন না, তিনি ছিলেন আমার অত্যন্ত প্রিয় সহশিল্পী এবং বড় ভাইয়ের মতো একজন মানুষ। তাঁর অকাল মৃত্যু আজও আমাকে ব্যথিত করে। আমি আন্তরিকভাবে চাই, একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটিত হোক এবং কেউ জড়িত থাকলে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।”
