ফেনীর পরশুরাম সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের সময় এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর নিজকালিকাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অদ্য ০৩ আগস্ট ২০২৬* তারিখে ০১ (এক) জন নাইজেরিয়ান নাগরিক Austin (৩৯) কে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত নাইজেরিয়ান নাগরিক গত মার্চ ২০২৬ মাসে বাংলাদেশে আগমন করে। স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ হয়ে ভারতে গমনের উদ্দেশ্যে উক্ত নাগরিক ঢাকায় আসে এবং ঢাকা হতে ফেনী জেলার পরশুরাম উপজেলাধীন নিজকালিকাপুর এলাকায় আগমন করে।
আটককৃত নাইজেরিয়ান নাগরিককে ৪ জন বিজিবি সদস্যের মাঝে রাখা হয়েছে।
পরবর্তী আইনী কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয় পরশুরাম থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।
ছবি ক্যাপশন: পরশুরামের নিজকালিকাপুর সীমান্তে আটক নাইজেরিয়ান নাগরিককে নিয়ে বিজিবি সদস্যরা
