নতুন মৌসুম শুরু হওয়ার আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষের ওপর রীতিমতো গোলবন্যা ভাসালো বায়ার্ন মিউনিখ। জার্মানির স্থানীয় ক্লাব এফসি রোটাখ-এগার্নকে ১৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে বুন্দেসলিগার জায়ান্টরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) জার্মানির টেগার্নসির বুরকেনমুস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির শুরু থেকেই একচেটিয়া আধিপত্য বিস্তার করে বায়ার্ন। কোচ ভিনসেন্ট কোম্পানির দল ম্যাচের প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে ৬টি গোল জমা করে। তবে বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাভারিয়ানরা, দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে বল পাঠায় আরও ৯ বার।

ম্যাচের অষ্টম মিনিটে আরিজন ইব্রাহিমোভিচের কর্নার থেকে ফিলিপ পাভিচের গোলে শুভসূচনা করে বায়ার্ন। এর ঠিক এক মিনিট পরেই গোল করে ব্যবধান ২-০ করেন ইব্রাহিমোভিচ নিজে। এরপর ফেলিপে শাভেজের জোড়া গোল, প্রথমার্ধের যোগ করা সময়ে ইব্রাহিমোভিচের দ্বিতীয় গোল এবং মাইকন কার্দোজোর নৈপুণ্যে ৬-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন।

দ্বিতীয়ার্ধেও গোলের ধারা অব্যাহত থাকে। আরমিন্দো সিব জোড়া গোল করেন এবং মাইকন কার্দোজো পান নিজের দ্বিতীয় গোল। এছাড়া একে একে বল জালে পাঠান জোয়াও পালিনিয়া, বারা সাপোকো এনদিয়ায়ে, বাস্তিয়ান আসোমো, আলেকসান্ডার পাভলোভিচ ও জশুয়া কিমিখ। ম্যাচের একদম শেষলগ্নে যোগ করা সময়ে স্কেন্ডার নুরাজের গোলে ১৫-০ গোলের বড় জয় নিশ্চিত হয়।

এ ম্যাচটিতে ক্লাবের তরুণ ফুটবলারদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে ইব্রাহিমোভিচ, টম বিশফ, শাভেজ, কার্দোজো ও পাভিচরা আক্রমণের ধার দিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন।

নতুন মৌসুমকে সামনে রেখে বাভারিয়ার লেক টেগার্নসিতে বায়ার্নের যে প্রস্তুতি ক্যাম্প চলছে, সেখানকার স্থানীয় ক্লাব রোটাখ-এগার্নের বিপক্ষেই প্রীতি ম্যাচটি আয়োজন করা হয়। তবে রোটাখ-এগার্নের বিপক্ষে বায়ার্নের এমন বড় ব্যবধানে জয় নতুন কিছু নয়; ২০২৩ সালের এক প্রীতি ম্যাচে এই প্রতিপক্ষকেই অবিশ্বাস্য ২৭-০ ব্যবধানে হারিয়েছিল তারা। এবার ১৫ গোলের জয়ে মৌসুমের গোড়াপত্তন করে নিজেদের আক্রমণভাগের শক্তির কড়া বার্তাই দিল জার্মান ফুটবলের পাওয়ার হাউসটি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *