রাজধানীর ব্যস্ততম ফার্মগেট ও মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে শনিবার (১ আগস্ট) সকালে পৃথক দুটি সন্দেহজনক পরিত্যক্ত বস্তুকে কেন্দ্র করে তীব্র বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থান দুটি ঘিরে ফেলে এবং বস্তু দুটি পরীক্ষা-নিরীক্ষা করে।
পরবর্তীকালে পুলিশের বিশেষজ্ঞ দল নিশ্চিত করে যে, দুটি স্থানেই কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক উপাদান ছিল না। উদ্ভূত পরিস্থিতিতে নগরবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে ডিএমপি।
ঘটনার বিবরণে জানা যায়, সকালে মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত ব্যাগ দেখে বোমাসদৃশ বস্তুর উপস্থিতি সন্দেহ করা হয়। খবর পেয়ে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা ব্যাগটি এক্স-রে পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণ করলে ভেতরের দিকে একটি কৌটাসদৃশ ইমেজ দেখতে পান।
এরপর নিরাপত্তার স্বার্থে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ‘ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর’ ব্যবহারের মাধ্যমে ব্যাগটি নিরাপদে নিষ্ক্রিয় করার ব্যবস্থা গ্রহণ করা হয়। ব্যাগের ভেতরটি চূড়ান্ত পরীক্ষা করে দেখা যায়, তাতে সাধারণ পানের সঙ্গে জর্দার একটি কৌটা রাখা ছিল। তল্লাশিতে কোনো ধরনের বিস্ফোরক মেলেনি।
অন্যদিকে, তেজগাঁও থানাধীন ফার্মগেট মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকায় একটি পরিত্যক্ত বস্তাকে ঘিরেও একই ধরনের বোমাতঙ্কের সৃষ্টি হয়। বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চারপাশের নিরাপত্তা বলয় জোরদার করেন এবং ম্যানুয়াল (হ্যান্ড এন্ট্রি) পদ্ধতিতে বস্তাটি খুলে নিশ্চিত হন যে, এর ভেতরেও কোনো ক্ষতিকর বা বিস্ফোরক বস্তু ছিল না।
দুটি ঘটনার পরই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক বার্তায় জানিয়েছে, নগরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির সকল টিম সার্বক্ষণিক প্রস্তুত ও বদ্ধপরিকর।
