প্রকৃতিতে বৃষ্টির ছোঁয়া লাগলেও তপ্ত রোদে জনজীবনে অস্বস্তি কাটছে না। সারা দেশে আগামী পাঁচ দিন দফায় দফায় বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকলেও একই সাথে পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রা। মেঘ-বৃষ্টির এই লুকোচুরির মধ্যেই দিনের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ রবিবার (২২ মার্চ) সন্ধ্যায় দেওয়া পরবর্তী ১২০ ঘণ্টার বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, বর্তমানে একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার (২৩ মার্চ) থেকে বৃষ্টির আওতা আরও বাড়বে। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। চতুর্থ ও পঞ্চম দিনেও ঢাকা ও চট্টগ্রামসহ দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে। তবে বৃষ্টিহীন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে উত্তরের জনপদ তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে, যেখানে ১৬ মিলিমিটার বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে।
