চার বোতল বিদেশি মদ নিজের হেফাজতে রাখার অভিযোগে করা মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক আসিফ আকবর। সোমবার (৯ মার্চ) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এই রায় ঘোষণা করেন।
আদালত তার রায়ে উল্লেখ করেন, আসিফ আকবরের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে সসম্মানে খালাস দেওয়া হলো। এর আগে উভয় পক্ষের শুনানি ও যুক্তিতর্ক শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন।
মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ৬ জুন রাজধানীর পান্থপথে আসিফ আকবরের অফিস থেকে তাকে আইসিটি আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়। সে সময় তার অফিস কক্ষে চার বোতল বিদেশি মদ পাওয়া যায় বলে অভিযোগ করে পুলিশ। পরবর্তীতে ২০১৯ সালের ২৩ জুলাই লাইসেন্স ছাড়া মদ রাখার অভিযোগে তেজগাঁও থানায় মামলা করেন সিআইডির সাইবার তদন্ত শাখার এসআই প্রশান্ত কুমার সিকদার।
২০১৯ সালের ১৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। এরপর ২০২৪ সালের ২৫ নভেম্বর আসিফ আকবরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত তাকে নির্দোষ ঘোষণা করে রায় প্রদান করেন।
