লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো থেকে নতুন করে কোনো ধরনের শুল্ক বা টোল আদায়ের পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিক এই জলপথ দিয়ে জাহাজ চলাচল আগের মতোই সম্পূর্ণ শুল্কমুক্ত থাকবে উল্লেখ করে এ সংক্রান্ত নতুন গুঞ্জন ও খবরের আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে সংগঠনটি।
শনিবার (১ আগস্ট) হুথি পরিচালিত ‘হিউম্যানিটেরিয়ান অপারেশনস কোঅর্ডিনেশন সেন্টার’ (এইচওসিসি)-এর এক বিশেষ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়, বাব আল-মানদেব প্রণালী পারাপারের জন্য ইয়েমেন সরকার বা এইচওসিসির নাম ভাঙিয়ে কেউ যদি অর্থ দাবি করে, তবে তারা কোনোভাবেই তাদের প্রতিনিধিত্ব করে না। কোনো অননুমোদিত পক্ষ বা ভুয়া উৎসকে অর্থ প্রদান কিংবা জাহাজের স্পর্শকাতর তথ্য শেয়ার না করার জন্য আন্তর্জাতিক নৌ-পরিবহন সংস্থাগুলোকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
এর আগে গত বুধবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়, সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণার পর ইরান-সমর্থিত হুথিরা বাব আল-মানদেব প্রণালি দিয়ে পার হওয়া জাহাজগুলোর ওপর ফি বা শুল্ক আরোপের চিন্তাভাবনা করছে। গত জুলাইয়ে তেহরান সফরকালে ইরানি উপদেষ্টাদের সহায়তায় একটি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ গঠনের আলোচনা হয়েছে বলেও আঞ্চলিক সূত্রের বরাতে উল্লেখ করা হয়।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জুবা অভিযোগ করে জানান, হুথিরা হরমুজ প্রণালিতে ইরানের অনুসরণ করা মডেল অনুকরণ করার চেষ্টা করছে। কারণ, এই গুরুত্বপূর্ণ জলপথে শুল্ক বসালে তা সবচেয়ে বেশি প্রভাব ফেলবে সৌদি আরবের ওপর, যারা হরমুজ প্রণালি বন্ধ থাকায় তেল রপ্তানির জন্য বাব আল-মানদেবের ওপর নির্ভরশীল।
উল্লেখ্য, ২০২৩ সালে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের পর থেকে লোহিত সাগরে ইসরায়েল ও পশ্চিমা মিত্রদের জাহাজে হামলা চালিয়ে আসছিল হুথিরা। অতি সম্প্রতি নতুন নিরাপত্তা হুমকির জবাবে বাব আল-মানদেব, লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সৌদি আরব ১৪টি দেশের একটি যৌথ সামুদ্রিক জোট গঠনের ঘোষণা দিয়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই শুল্ক আরোপের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিল হুথিরা।
