শরীয়তপুর জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) এই অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা আহ্বায়ক মহসিন মাদবর তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে এই ভিডিওটি পোস্ট করে ঘটনাটিকে সমর্থন জানিয়েছেন।
মহসিন মাদবর তাঁর ১৭ সেকেন্ডের ভিডিও পোস্টে লেখেন, “সাব্বাশ শরীয়তপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মী। শরীয়তপুরের জুলাই স্মৃতি নামক ভন্ডামীতে আগুন দেওয়ায় অসংখ্য ধন্যবাদ জানাই।” ভিডিওতে দেখা যায়, এক অজ্ঞাত ব্যক্তি স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরিয়ে দিচ্ছেন। সরেজমিনে গিয়ে স্মৃতিস্তম্ভটির বিভিন্ন স্থানে পোড়া দাগ লক্ষ্য করা গেছে।
এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “প্রশাসনের ব্যর্থতার কারণেই জুলাই বিপ্লবের স্মৃতিকে বারবার অবমাননা করা হচ্ছে। এটি কেবল একটি অগ্নিকাণ্ড নয়, এটি পুরো জুলাই অভ্যুত্থানকে অপমান করা। দ্রুত জড়িতদের গ্রেপ্তার না করলে প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা হবে।”
ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্মৃতিস্তম্ভটি পরিদর্শন করেছেন। তবে তদন্তের স্বার্থে বা অন্য কোনো কারণে এই মুহূর্তে কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি। এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
