সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে আজ দেশে ফিরছে অপরাজিত বাংলাদেশ যুব ফুটবল দল। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনকারী এই বীরদের বরণ করে নিতে রাজপথে ছাদখোলা বাসের বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফের মিডিয়া বিভাগ জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাফজয়ী ফুটবলারদের নিয়ে শোভাযাত্রাটি শুরু হবে। ছাদখোলা বাসে চড়ে শহর প্রদক্ষিণ করে চ্যাম্পিয়ন দলটি পৌঁছাবে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে। সেখানেই রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে ফুটবলারদের।
গত শুক্রবার (৩ এপ্রিল) ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপের সেই লড়াইয়ে ৩-৩ সমতায় থাকাকালীন শেষ শট নিতে আসেন রোনান সুলিভান। চাপের মুখে অবিশ্বাস্য ধীরস্থিরতায় ‘পানেনকা’ শটে বল জালে জড়িয়ে বাংলাদেশের শিরোপা নিশ্চিত করেন তিনি।
দেশের ফুটবলের সাম্প্রতিক সময়ের অন্যতম বড় এই অর্জনকে সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতে বাফুফে ফুটবলপ্রেমীদের এই শোভাযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।
