মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার (NASA) সাবেক বাংলাদেশি বিজ্ঞানী ও কলোরাডো স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম রেজাউল হক মারা গেছেন। বাংলাদেশ সময় গত বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

ড. এম রেজাউল হকের স্থায়ী নিবাস রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া মহল্লায়। তাঁর বাবা মৃত ফহিম উদ্দিন বিশ্বাস এবং মা মৃত আনোয়ারা খাতুন। নয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

ড. রেজাউল হক একটি অত্যন্ত ঐতিহ্যবাহী ও বিশিষ্ট পরিবারের সন্তান। তাঁর বড় ভাই বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক। মেজ ভাই প্রয়াত ড. এম এনামুল হক পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তাঁর ছোট ভাই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব ছিলেন।

শিক্ষাবিদ ও বিজ্ঞানী হিসেবে ড. রেজাউল হক আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। আমেরিকার কলোরাডো স্টেট ইউনিভার্সিটিতে দীর্ঘকাল অধ্যাপনার পর তিনি নাসায় বিজ্ঞানী হিসেবে যোগ দেন। সেখান থেকে অবসর নেওয়ার পর তিনি আমেরিকাতেই স্থায়ীভাবে বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আমেরিকার কলোরাডোতেই তাঁর দাফন সম্পন্ন হবে। আজ শুক্রবার জুমার নামাজের পর তাঁর জন্মস্থান রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া জামে মসজিদে এক গায়েবানা জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাঁর এই প্রয়াণে দেশের বিজ্ঞান ও শিক্ষাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *