নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী এক বিশেষ অভিযানে নগদ ১৮ লাখ ৬৫ হাজার টাকা এবং হেরোইন-ইয়াবাসহ এক শীর্ষ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত পাচারকারীর নাম সাইদুর ইসলাম, যিনি কক্সবাজারের রামু উপজেলার কচ্চপিয়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে শিমরাইল মোড়ে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আব্দুল বারিক জানান, সাইদুর ইসলাম সিদ্ধিরগঞ্জে পাইকারিভাবে মাদক বিক্রি করে টাকা নিয়ে ফিরছিলেন। তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৮ লাখ ৬৫ হাজার টাকা, ১৫০ গ্রাম হেরোইন ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পৃথক অভিযানে আরও ১০ জন গ্রেপ্তারঃ-
একই রাতে থানার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালিয়ে আরও ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন – সাগর হোসেন, মো. রবিন, আনিছুর রহমান, মো. সোহাগ, মো. রাব্বি, সোহানুর রহমান বাবু, মো. রনি, দ্বিপক, রাজু মিয়া ও মো. সুজন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
