যশোরের অভয়নগর উপজেলায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। আটকের পর বিক্ষুব্ধ জনতা তাদের গণপিটুনি দেয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার বিবরণ স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পেরুলী-ধুলগ্রাম সড়কে গ্রামবাসী পাহারা বসিয়েছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে আসা রিয়াজ ও শাকিলকে তল্লাশি করতে গেলে একজন পিস্তল দেখিয়ে পালানোর চেষ্টা করেন। উপস্থিত জনতা তাদের ধরে ফেলে এবং তাদের পক্ষ নেওয়া রবিউলসহ তিনজনকে মারধর করে। উত্তেজিত জনতা এসময় তাদের মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়।

আটককৃতদের পরিচয় আটক তিন যুবক হলেন—
ধুলগ্রামের রিয়াজ সরদার ওরফে সূর্য সরদার (২৫),
ধুলগ্রামের শাকিল সরদার (২২),
ইছামতি গ্রামের রবিউল মোল্যা (২৪)।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান শুক্রবার (৬ মার্চ) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং আটক তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *