আগামীকাল শ্রীমঙ্গল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ফ্যামিলি কার্ড ও অনুদান পাবেন ২৭৫ উপকারভোগী
Featured, Latest, News, Politics, Popular, Trending #abongtv, #BangladeshNews, #FamilyCardBD, #PMTariqueRahman, #SreemangalVisitআগামীকাল বুধবার (১৭ জুন) চায়ের দেশ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান৷ সফরকালে তিনি দুপুরে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন৷ এই বিশেষ কর্মসূচির আওতায় প্রথম ধাপে মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি প্রকৃত সুবিধাভোগী পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে৷
ফ্যামিলি কার্ডের পাশাপাশি অনুষ্ঠান থেকে আরও ১২০ জন দুস্থ ও অসহায় মানুষকে বিভিন্ন ধরনের সরকারি অনুদান ও আর্থিক সহায়তা প্রদান করা হবে৷ ফলে প্রধানমন্ত্রীর হাত থেকে সরাসরি মোট ২৭৫ জন উপকারভোগী এই বিশেষ সহায়তা গ্রহণ করবেন৷ এর মধ্যে ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের এককালীন বিশেষ আর্থিক অনুদান দেওয়া হবে৷ এ ছাড়া ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষার্থীদের শিক্ষাসহায়তা, চা-শ্রমিকদের টেকসই আবাসন সুবিধা এবং দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের জন্য বিশেষ সরকারি সহায়তা প্রদান করা হবে৷
প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফর সফল করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা সমন্বিতভাবে দিনরাত কাজ করছেন৷ স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), বিভিন্ন জাতীয় গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাব ও সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা পুরো শ্রীমঙ্গল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে৷
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী এই সফর প্রসঙ্গে বলেন, ‘নির্বাচনি জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারের সাধারণ মানুষকে এখানে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ সরকার গঠনের মাত্র চার মাসের মাথায় তিনি ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে শ্রীমঙ্গলে আসছেন, যা এই এলাকার মানুষের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আনন্দের৷’ তিনি আরও যোগ করেন, ‘বৃহত্তর সিলেটের মধ্যে সবচেয়ে বড় সংবর্ধনাটি আমরা আগামীকাল প্রধানমন্ত্রীকে দিতে চাই৷ সফর সফল করতে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করা হয়েছে৷ যদিও বৈরী আবহাওয়া কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে, তবুও আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে৷’
শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো৷ জিয়াউর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরসূচি পাওয়ার পর থেকেই প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করা হয়েছে৷ অনুষ্ঠানস্থলের মঞ্চ নির্মাণ, বসার সুব্যবস্থা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক সমন্বয়ের কাজ পুরোদমে চলমান রয়েছে৷’ তিনি আরও জানান, মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫ জন প্রকৃত সুবিধাভোগীর তালিকা গভীর যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করা হয়েছে এবং অনুষ্ঠানটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে৷
