মহিমান্বিত রজনী লাইলাতুল বরাত আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি)। হিজরি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত এই রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্য ও মুক্তির রাত হিসেবে পরিচিত।
এ পবিত্র রাতে আল্লাহ তায়ালার অনুগ্রহ লাভের আশায় মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আসকার ও দোয়ায় মগ্ন থাকেন। অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ইসলাম ধর্মাবলম্বীদের বিশ্বাস, এ রাতে পাপমোচনের সুযোগ রয়েছে এবং নির্ধারিত হয় আগামী বছরের হায়াত, রিজিক ও আমল। তাই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মুসলমানরা শবে বরাত উপলক্ষে ইবাদত-বন্দেগি, মিলাদ মাহফিল, নফল নামাজ ও কোরআন তিলাওয়াতে সময় কাটান। অনেকেই প্রয়াত স্বজনদের কবর জিয়ারত করেন।
পবিত্র শবে বরাত উপলক্ষে আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন সব সরকারি অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
