জাতীয় গ্রিড লাইনে হঠাৎ ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নর্থ ইউনিটটির উৎপাদন পুনরায় শুরু হয়েছে। তবে ৪০০ মেগাওয়াটের ইস্ট ইউনিটটি পুরোপুরি সচল করতে আরও অন্তত তিন দিন সময় লাগবে বলে জানিয়েছে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।
শুক্রবার (১৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে আশুগঞ্জ-ভুলতা ৪০০ কেভি গ্রিড লাইনে আকস্মিক যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে কেন্দ্রটির নর্থ ও ইস্ট ইউনিট দুটি তাৎক্ষণিক বন্ধ হয়ে যায়। কারিগরি দল দ্রুত মেরামতের কাজ শুরু করলে প্রায় পৌনে ৬ ঘণ্টা পর রাত সোয়া ৮টার দিকে ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নর্থ ইউনিটটি পুনরায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে।
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) মোহা. আব্দুল মজিদ জানান, ৪০০ মেগাওয়াটের ইস্ট ইউনিটটি সচল করতে কারিগরি কারণে কয়েক দিন সময় লাগবে। তবে জাতীয় গ্রিডে লোডশেডিংয়ের প্রভাব কমাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ইস্ট ইউনিটের জন্য বরাদ্দকৃত গ্যাস ব্যবহার করে বন্ধ থাকা ৫০ মেগাওয়াটের অপর একটি ইউনিট থেকে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
