ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
জানা যায়, জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রাকালে এ ঘটনা ঘটে।
বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে আন্দোলনকারীরা যমুনা অভিমুখে অগ্রসর হলে ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের বাধা দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ওই সংঘর্ষের মধ্যেই আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন বলে দাবি করা হয়।
এর আগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে একাধিক দফা আলটিমেটাম দিয়ে একই দাবিতে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা। প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগ এলাকায় আন্দোলনকারীদের কর্মসূচি চলমান ছিল।
