ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সম্পর্ক রক্ষা এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে বাহরাইনে ৪১ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (৯ মে) বাহরাইনের অভ্যন্তরীণ মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বিএনএ।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইরানের প্রতি সহানুভূতি প্রদর্শন এবং “বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র” করার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। তদন্তে জানা গেছে, এই ব্যক্তিরা বিদেশি সংস্থার সঙ্গে মিলেমিশে বাহরাইনের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করার পরিকল্পনা করছিল।

অভিযান চলাকালে মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাহরাইনের ওপর ইরানের হামলার সরাসরি সমর্থন এবং বিদেশি শক্তির এজেন্ডা বাস্তবায়নে সহায়তার অভিযোগে কয়েক ডজন ব্যক্তির নাগরিকত্ব বাতিল করা হয়েছে। বাহরাইন সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে, রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষুণ্নকারী বা বিদেশি উস্কানিতে কাজ করা ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করা হবে না।

সম্প্রতি ওমান উপসাগর ও হরমুজ প্রণালিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সামরিক উত্তেজনার মধ্যেই বাহরাইন এই কঠোর পদক্ষেপ নিল। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইরানি প্রভাব রুখতে মানামা এই সাঁড়াশি অভিযান শুরু করেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সূত্র: আল জাজিরা

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *