উত্তরাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য দূর করতে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় পরিকল্পিত শিল্পায়নের উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের আলোচনা সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় বক্তারা বন্ধ কলকারখানা পুনরায় চালু এবং নতুন কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই দুই জেলার অর্থনৈতিক সমৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে শিল্পায়নের কোনো বিকল্প নেই। আমরা উত্তর জনপদকে আর অবহেলিত থাকতে দেব না।”

বিশেষ অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বিগত সরকারের সমালোচনা করে বলেন, “অতীতের ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতি ধসিয়ে দিয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল দুইভাবে অবহেলিত হয়েছে—বিনিয়োগহীনতা এবং বৈষম্য। ফলে এ অঞ্চলে বেকারত্ব চরম আকার ধারণ করেছে।”

তিনি আরও জানান, বর্তমান সরকার সমতাভিত্তিক উন্নয়নে বিশ্বাসী। যেসব অঞ্চল দীর্ঘদিন বৈষম্যের শিকার, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে কৃষি পণ্যের ওপর ভিত্তি করে নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে। উত্তরাঞ্চলের উদ্বৃত্ত সম্পদ কাজে লাগিয়েই এই শিল্পায়ন করা হবে।

সভায় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল, কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথসহ দুই জেলার পুলিশ সুপার, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *