এল নিনো’র প্রভাবে রোগজীবাণুর আচরণে বড় বদল; বাংলাদেশে নতুন ভাইরাসের মহামারি আতঙ্ক
Featured, Health, Latest, News, Popular, Trending, Weather #abongtv, #BangladeshNews, #ClimateChangeBD, #DengueOutbreak, #ElNinoAlert, #GlobalWarming2026, #HealthCrisisBD, #NewPandemicRisk, #PublicHealthRiskরেকর্ড ভাঙা দাবদাহ, দীর্ঘস্থায়ী খরা আর আকস্মিক অতিবৃষ্টির আবহে বিশ্বজুড়ে এখন নতুন আতঙ্কের নাম ‘এল নিনো’৷ প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার এই প্রাকৃতিক প্রক্রিয়াটি বৈশ্বিক আবহাওয়াকে ওলটপালট করে দিচ্ছে৷ ভৌগোলিক অবস্থান ও ঘনবসতির কারণে বাংলাদেশের মতো দুর্যোগপ্রবণ বদ্বীপে এটি এক নীরব স্বাস্থ্য বিপর্যয় ডেকে আনছে৷ দেশের ঋতুচক্রের চিরাচরিত রূপ বদলে দিয়ে এটি কেবল ডেঙ্গু বা ডায়রিয়ার মতো চেনা রোগই বাড়াচ্ছে না, বরং জলবায়ুর এই চরম খামখেয়ালিপনা ডালপালা মেলে দিতে পারে সম্পূর্ণ নতুন ও অচেনা কোনো ভাইরাসেরও; যা ভবিষ্যতে জন্ম দিতে পারে আরও একটি বৈশ্বিক মহামারির৷
বৈশ্বিক গবেষণা অনুযায়ী, এল নিনোর সরাসরি প্রভাবে বিশ্বজুড়ে দাপদাহের তীব্রতা ও স্থায়িত্ব আশঙ্কাজনকভাবে বাড়ছে৷ এর ফলে হিটস্ট্রোক, তীব্র পানিশূন্যতা এবং প্রাণঘাতী শারীরিক জটিলতার ঝুঁকি তৈরি হচ্ছে৷ অন্যদিকে, স্বল্প সময়ে অতিবৃষ্টির কারণে তৈরি হওয়া দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের প্রাদুর্ভাবকে বহুগুণ বাড়াচ্ছে৷ একই সঙ্গে বন্যা ও দূষিত পানির কারণে ডায়রিয়া ও কলেরার মতো পানিবাহিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর তীব্র চাপ সৃষ্টি করবে৷ উদ্বেগের বিষয় হলো, জলবায়ুর এই দ্রুত পরিবর্তনের ফলে রোগজীবাণুর চিরাচরিত আচরণ ও বিস্তারের ধরন বদলে যাচ্ছে৷ আবহাওয়া চরমভাবাপন্ন রূপ নিলে আমাদের চিরচেনা ইনফ্লুয়েঞ্জা বা নিউমোনিয়ার মতো রোগগুলো আরও অনেক বেশি মারাত্মক ও সংক্রামক হয়ে উঠতে পারে৷
এই জটিল পরিস্থিতি নিয়ে পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ মো. শামসুদ্দোহা বলেন, ‘তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডায়রিয়া ও ডেঙ্গু-চিকুনগুনিয়া এখন সাধারণ রোগে পরিণত হচ্ছে৷ এমনকি হামের মতো রোগ, যা আগে একটি নির্দিষ্ট বয়সের মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন তা বয়সের সীমা ছাড়িয়ে যাচ্ছে৷ তাপমাত্রা ও বৃষ্টিপাতের এই পরিবর্তনের সঙ্গে স্বাস্থ্যের ঠিক কী সম্পর্ক, তা নিয়ে আমাদের নতুন করে গভীর গবেষণা প্রয়োজন৷’
অন্য দিকে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী নতুন ভাইরাসের আবির্ভাব নিয়ে কড়া সতর্কতা জারি করে বলেন, ‘নিউমোনিয়া বা ভাইরাল রোগের প্রকোপ হঠাৎ বেড়ে যেতে পারে৷ যেমন করোনা ভাইরাস আগে ছিল না, কিন্তু প্রকৃতিতে পরিবর্তনের পর তা হুট করে দেখা দিল–ঠিক তেমনিভাবে চরম আবহাওয়ার কারণে নতুন কোনো ভাইরাসের উৎপত্তি হতে পারে৷ এ ছাড়া শিশুদের ডায়রিয়ার ক্ষেত্রে রোটাভাইরাসের প্রাদুর্ভাব ভবিষ্যতে মহামারি আকার ধারণ করতে পারে৷’
করোনা মহামারি বিশ্বকে দেখিয়েছে যে একটি নতুন রোগ কত দ্রুত বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে৷ পরিবেশগত ভারসাম্যহীনতা ও এল নিনোর মতো চরম আবহাওয়ার ঘটনাগুলো প্রকৃতিতে এমন এক প্রতিকূল পরিবেশ তৈরি করছে, যেখানে নতুন ও অজানা ভাইরাসের জন্ম নেওয়া এখন কেবলই সময়ের ব্যাপার৷ তাই এল নিনোর দীর্ঘমেয়াদি প্রভাব মোকাবিলায় এখন থেকেই তাপপ্রবাহকে ‘দুর্যোগ’ হিসেবে স্বীকৃতি দেওয়া, আগাম সতর্কতা জারি করা এবং দেশের স্বাস্থ্যখাতের প্রস্তুতি জোরদার করার ওপর বিশেষ জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা৷
