এক বছর নয়, দুই বছর নয়—টানা এক দশক ধরে এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের শীর্ষে রয়েছে বেলাবো উপজেলার বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিবছরই ফলাফলে নিজেদের অবস্থান ধরে রেখে বিদ্যালয়টি গড়ে তুলেছে অনন্য সাফল্যের ধারাবাহিকতা।
প্রতিটি বছর নতুন প্রত্যাশা, নতুন স্বপ্ন আর কঠোর পরিশ্রম নিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফল প্রকাশের পর সেই প্রত্যাশাই যেন রূপ নেয় আনন্দ ও সাফল্যের উৎসবে। কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বাস, শিক্ষক-অভিভাবকদের আনন্দ ও অভিনন্দনে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।
বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ এক দশকের এই সাফল্যের পেছনে শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সহযোগিতার পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামালের দক্ষ নেতৃত্ব ও নিরলস প্রচেষ্টার।
প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের প্রতি নিবিড় তত্ত্বাবধান এবং শিক্ষকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দিয়ে আসছেন। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের শৃঙ্খলা, নৈতিকতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতেও তিনি গুরুত্ব দিয়ে থাকেন। তাঁর আন্তরিক নেতৃত্ব ও শিক্ষাবান্ধব মনোভাব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান সংশ্লিষ্টরা।
শিক্ষক-অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে উঠতে উদ্যোগ এবং ভালো ফলাফলের জন্য শিক্ষকদের উৎসাহিত করার মাধ্যমে প্রধান শিক্ষক মোস্তফা কামাল বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে কাজ করে যাচ্ছেন।
দীর্ঘ ১০ বছরের এই সাফল্য শুধু একটি অর্জন নয়; এটি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নিষ্ঠা, পরিশ্রম, দক্ষ নেতৃত্ব ও সম্মিলিত প্রচেষ্টার উজ্জ্বল দৃষ্টান্ত। আর এই ধারাবাহিক সাফল্য বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়কে বেলাবো উপজেলার শিক্ষাঙ্গনে একটি অনন্য অবস্থানে নিয়ে গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল বলেন, “এই সাফল্য আমার একার নয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফলেই আমরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করতে পারছি। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
এক দশকের সাফল্যকে ভবিষ্যতের পথচলার অনুপ্রেরণা হিসেবে নিয়ে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্তৃপক্ষ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *