জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার
Featured, Latest, News, Politics, Popular, Trending #BanglaNews, #news, #PMspeech, #primeminister, #tariquerahmanবুধবার রাত পৌনে ১০টার দিকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘হাজারও শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে। দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এই যাত্রায় আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই।’
তিনি আরও বলেন “সরকার বিশ্বাস করে, দলমত ধর্ম দর্শন যার যার, রাষ্ট্র সবার।” প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমি করবো।
তারপর তিনি দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী বলেন “আমাদের অনেকের মধ্যেই রমজান মাসে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা রয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে এই মাসটিকে আপনারা ব্যাবসায় মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এ ব্যাপারে ব্যবসায়ীরা সতর্ক থাকবেন।’
তিনি রোজাদারদের সম্মানে নিরবচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ করার জন্য নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে আশ্বস্ত করে বলেন “এই সরকার সব ধরনের পরামর্শ বা অভিযোগ শুনতে প্রস্তুত। তিনি বলেন, এই সরকার স্বচ্ছতার সরকার। তার জন্য বিএনপির সংসদীয় দলের প্রথম সভাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধা নেবেন না।”
শিক্ষার্থী এবং তরুণ যুবকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন “জ্ঞান চর্চায় এবং নিজেদের যোগ্য করে তোলার জন্য সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রয়েছে। এই বর্তমান সরকার কর্মসংস্থান নিশ্চিত করার অঙ্গিকার নিয়ে যাত্রা শুরু করেছে।”
আইনের শাসন মেনে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করে তারেক রহমান বলেন আইনের শাসনই রাষ্ট্র পরিচালনার শেষ কথা হবে, দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব অথবা জোর জবরদস্তি নয়।
দেশের যানজট কমানোর প্রত্যাশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন ‘রাজধানী ও বিভাগীয় শহরগুলোতে যানজট কমাতে যোগাযোগ ব্যবস্থা পুনর্গঠন করা হচ্ছে। সারাদেশে রেল যোগাযোগ সহজ, ও নিরাপদ করা হবে। রেল, নৌপথ, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম পুনর্বিন্যাস ও সমন্বয় করা হচ্ছে।
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ প্রচার করা হয়।
