জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসব শনিবার শুরু; ত্রিশালে মেগা সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Featured, Latest, News, Politics, Popular, Trending #abongtv, #BangladeshNews, #KaziNazrulIslam, #NationalFestival, #NazrulMela, #PMTareqRahman, #TrishalMymensinghজাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আগামীকাল শনিবার (২৩ মে) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসব। কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৩, ২৪ ও ২৫ মে আয়োজিত এই কেন্দ্রীয় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে তার এই ত্রিশাল সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নজরুলপ্রেমীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে।
ময়মনসিংহ জেলা প্রশাসন ঘোষিত সরকারি কর্মসূচি অনুযায়ী, শনিবার সকালে ঢাকা থেকে সড়কপথে ত্রিশালে এসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি উপজেলার বৈলর ইউনিয়নের কানহর বাজার এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘ধরার খাল’ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং সেখানে আয়োজিত এক জনসমাবেশে বক্তব্য রাখবেন।
দুপুরে প্রধানমন্ত্রী নজরুলের বাল্য স্মৃতিবিজড়িত দরিরামপুর নজরুল একাডেমি প্রাঙ্গণের নজরুল মঞ্চে এসে তিন দিনব্যাপী জন্মজয়ন্তী উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং প্রধান অতিথির বক্তব্য দেবেন। অনুষ্ঠান শেষে নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা, মহানগর ও বিভাগীয় নেতৃবৃন্দের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হবেন। এরপর বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফর ও কবির জন্মজয়ন্তীকে ঘিরে পুরো ত্রিশাল উপজেলা সাজ সাজ রবে মেতে উঠেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন সড়ক দৃষ্টিনন্দন ব্যানার, ফেস্টুন, প্যানা ও তোরণ দিয়ে সাজানো হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উৎসব প্রাঙ্গণের এক পাশে কবিভক্তদের জন্য বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে এবং অন্য পাশে বসেছে ঐতিহ্যবাহী নজরুল মেলা। মেলায় প্রায় পাঁচ শতাধিক বিভিন্ন স্টল এবং বিশেষ ‘নজরুল বইমেলা’র আয়োজন করা হয়েছে। দেশের দূর-দূরান্ত থেকে আসা কবি-সাহিত্যিক ও নজরুল গবেষকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে নজরুলের স্মৃতিধন্য এই প্রাঙ্গণ।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ত্রিশালবাসীর মনে নতুন আশার আলো সঞ্চার হয়েছে। স্থানীয় বাসিন্দারা ও ব্যবসায়ী সমাজ উপজেলাটির টেকসই উন্নয়নের জন্য কয়েকটি দাবি তুলে ধরেছেন। যার মধ্যে অন্যতম— ‘নজরুল সিটি’ বাস্তবায়ন করা, শিল্পাঞ্চলের সম্ভাবনাময় ত্রিশালকে পূর্ণাঙ্গ ‘শিল্পনগরী’ হিসেবে ঘোষণা করা এবং কারিগরি শিক্ষার বিস্তারে নতুন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন।
ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, “২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ত্রিশালবাসীকে বিশ্ববিদ্যালয় (জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়) উপহার দিয়েছিলেন। এবার আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও ত্রিশালবাসীর স্বপ্নপূরণে ব্যতিক্রমধর্মী ও স্মরণীয় কিছু উন্নয়ন উপহার দেবেন বলে আমরা শতভাগ আশাবাদী।”
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবের দ্বিতীয় দিনে (২৪ মে) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের আইনমন্ত্রী আসাদুজ্জামান। আর সমাপনী তথা তৃতীয় দিনের (২৫ মে) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিন দিনব্যাপী এই উৎসবে জাতীয় পর্যায় থেকে শুরু করে জেলা ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, নজরুলের জীবন ও কর্মের ওপর আলোচনা সভা পরিবেশিত হবে।
