জামালপুরের মেলান্দহ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের রডের আঘাতে মাসুদ রানা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নয়ানগর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই হাসিব পলাতক রয়েছেন।

নিহত মাসুদ রানা নয়ানগর গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক জমি নিয়ে দীর্ঘ দিন ধরে সৎ দুই ভাই মাসুদ ও হাসিবের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাতে এই বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাই হাসিব উত্তেজিত হয়ে রড দিয়ে বড় ভাই মাসুদের মাথায় সজোরে আঘাত করেন।

রক্তাক্ত অবস্থায় মাসুদ রানাকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাইয়ের মারামারিতে এই নিহতের ঘটনা ঘটেছে। পুলিশ অভিযুক্ত হাসিবকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *