15
Mar, 2026
পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৫ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে ১১ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে টাইগাররা।
ঐতিহাসিক এই সাফল্যের পর অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের সাহসী তরুণেরা পাকিস্তানের বিরুদ্ধে আজকের শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়ী হয়ে প্রমাণ করেছে, ঐকান্তিক এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে জয় ছিনিয়ে আনা সম্ভব।” তিনি উল্লেখ করেন, ক্রিকেটারদের এই নজরকাড়া পারফরম্যান্স পুরো জাতিকে গর্বিত করেছে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের তরুণদের এই সাফল্যের জয়যাত্রা আগামীতেও অব্যাহত থাকবে। তিনি খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ ও বিসিবি সংশ্লিষ্ট সকলকে এই অর্জনের জন্য সাধুবাদ জানান।
উল্লেখ্য, মিরপুরের মাঠে তানজিদ হাসান তামিমের অভিষেক সেঞ্চুরি এবং তাসকিন আহমেদের ৪ উইকেটের সুবাদে পাকিস্তান দলকে পরাজিত করে সিরিজ নিজেদের করে নেয় মেহেদী হাসান মিরাজের দল।