গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজের বাড়িতে রহস্যজনক এক বিস্ফোরণে মতিউর রহমান (২৫) নামে এক যুবক গুরুতর দগ্ধ হয়েছেন। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার নিলফা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে ওই যুবককে পুলিশ পাহারায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত মতিউর রহমান নিলফা বাজার এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নিজের ঘরে বসে কিছু একটা তৈরি করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মতিউরের হাত, পা ও মুখমণ্ডল মারাত্মকভাবে ঝলসে যায়। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্বজনদের দাবি, একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানের জন্য মতিউর বাড়িতে বসে ‘আতশবাজি’ তৈরি করছিলেন। তবে চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণ ভিন্ন কথা বলছে। গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অসীম কুমার ধর বলেন, “শরীরের ক্ষতচিহ্ন দেখে মনে হচ্ছে এটি ককটেল বা হাতবোমা জাতীয় কিছু বিস্ফোরণের ফল হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে বিশেষজ্ঞ মতামত প্রয়োজন।”
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং দগ্ধ যুবককে পুলিশি নজরদারিতে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।
