টেলিভিশনের পর্দায় আবারও ফিরছে ‘দাদা’র ম্যাজিক। তবে এবার আর সাধারণ জ্ঞান বা গুগলির লড়াই নয়, সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের রিয়ালিটি শো ‘বিগ বস’-এর বাংলা সংস্করণ করতে চলেছেন সৌরভ গাঙ্গুলী। স্টার জলসার এই মেগা প্রজেক্ট নিয়ে ইতিমধ্যেই দুই বাংলায় দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
জানা গেছে, আগামী ৬ মার্চ কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ‘বিগ বস বাংলা’র আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে। এই বিশেষ অনুষ্ঠানে খোদ সৌরভ গাঙ্গুলীর উপস্থিত থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। প্রায় এক দশক আগে অন্য একটি চ্যানেলে বাংলার ‘বিগ বস’ প্রচারিত হলেও, এবার একদম নতুন মোড়কে বড় বাজেটে এটি ফিরছে।
শো-টি ঠিক কবে থেকে বা কোন সময়ে সম্প্রচারিত হবে, তা এখনও খোলসা করেনি চ্যানেল কর্তৃপক্ষ। এমনকি কারা থাকছেন প্রতিযোগীদের তালিকায়, তা নিয়েও চলছে জোর জল্পনা। ধারণা করা হচ্ছে, ইডেনের অনুষ্ঠান থেকেই অনেক চমকপ্রদ তথ্য সামনে আসবে।
টেলিভিশন পর্দার পাশাপাশি রূপালী পর্দাতেও এখন আলোচনার তুঙ্গে সৌরভ। তার বায়োপিক নির্মাণের জোর আলোচনা চলছে, যেখানে পর্দার ‘দাদা’ হিসেবে দেখা যাবে বলিউড অভিনেতা রাজকুমার রাওকে।
