দেশের ডিজিটাল কানেক্টিভিটিতে যুক্ত হলো নতুন এক মাইলফলক। এখন থেকে চলন্ত ট্রেনের ভেতরেই যাত্রীরা ব্যবহার করতে পারবেন ইলন মাস্কের বিশ্বখ্যাত স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’। শনিবার (১৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এই বৈপ্লবিক উদ্যোগের তথ্য নিশ্চিত করেছে।
সরকারের বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে শুক্রবার (১৩ মার্চ) থেকে তিনটি জনপ্রিয় আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে এই ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে।
ট্রেনগুলো হলো :-
১. পর্যটক এক্সপ্রেস (ঢাকা-কক্সবাজার)
২. উপবন এক্সপ্রেস (ঢাকা-সিলেট)
৩. বনলতা এক্সপ্রেস (ঢাকা-রাজশাহী)
প্রধানমন্ত্রীর নির্দেশনা ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের প্রত্যক্ষ নির্দেশনায় বিএসসিএল রেলওয়েতে এই কার্যক্রম শুরু করে। উপদেষ্টা জানান, যাত্রীরা কেবল একটি কিউআর কোড স্ক্যান করেই সহজেই এই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এটি সফল হলে পর্যায়ক্রমে দেশের সব ননস্টপ ও অধিক চাহিদাসম্পন্ন ট্রেনে এই সুবিধা স্থায়ীভাবে চালু করা হবে।
বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ইমাদুর রহমান জানান, সরকারের ডিজিটাল ইশতেহার বাস্তবায়নে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে যাত্রীরা ট্রেনের ভেতরে বসেই ফ্রিল্যান্সিং, অনলাইন ক্লাস বা অফিসের জরুরি কাজ নির্বিঘ্নে সারতে পারবেন। রেলওয়ে কর্তৃপক্ষ মনে করছে, এই সেবার ফলে বাংলাদেশে ট্রেন ভ্রমণ আরও আধুনিক ও সুবিধাজনক হয়ে উঠবে।
