ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত প্রধান সহযোগীসহ পাঁচজনকে আটক করেছে র‍্যাব-৯। মঙ্গলবার (১২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরতলায় র‍্যাব-৯ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন অধিনায়ক মো. নুরুন্নবী।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—আব্দুল কাদির, আব্দুর রহিম, আব্দুর রহমান প্রকাশ, নূরে আলম ও সানোয়ারা বেগম। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে হামলায় ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

উল্লেখ্য, গত ১১ মে বিকেলে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে শফিক ডাকাত বাহিনীর কবলে পড়েন র‍্যাবের তিন সদস্য। সন্ত্রাসী শফিক বাহিনীর সদস্যরা র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের জিম্মি করে নিজেদের আস্তানায় নিয়ে যায়। সেখানে তাদের আটকে রেখে নির্মমভাবে মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে এক র‍্যাব সদস্যের মাথায় আঘাত করা হয়। পরে র‍্যাবের অতিরিক্ত শক্তি ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

র‍্যাব জানায়, অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মূল হোতা সন্ত্রাসী শফিক ডাকাত এবং তার সহযোগী আব্দুল হালিম পালিয়ে যায়। র‍্যাব অধিনায়ক মো. নুরুন্নবী জানান, শফিক ও হালিমকে গ্রেফতারের জন্য বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় নবীনগর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শফিক বাহিনী এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসলেও তাদের বিরুদ্ধে এর আগে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে খোদ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার এই ঘটনায় বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *