প্রায় দুই বছর ধরে দেশের বাইরে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সরকার যদি তাঁর নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তবে তিনি দেশে ফিরে তাঁর বিরুদ্ধে থাকা মামলার বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত। একই সঙ্গে দেশের মাটিতে বিদায়ী সিরিজ খেলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়ার আশাও ছাড়েননি এই অলরাউন্ডার।
শুক্রবার (৭ আগস্ট) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের দেশে ফেরা, আইনি মামলা এবং আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেন ৩৯ বছর বয়সি সাকিব আল হাসান। বর্তমানে তিনি শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন।
সাক্ষাৎকারে নিজেকে নির্দোষ দাবি করে সাকিব বলেন, তিনি কোনো অপরাধ করেননি। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশের বাইরে থাকা আওয়ামী লীগের এই সাবেক সংসদ সদস্য জানান, তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলা ও দুর্নীতির অভিযোগ তদন্তাধীন রয়েছে। তবে হত্যা মামলার কথিত ঘটনার সময় তিনি কানাডার টরন্টোতে অবস্থান করছিলেন বলে উল্লেখ করেন।
দেশে ফেরার পরিবেশ তৈরির জন্য সাকব প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলতে চান বলে জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, এর আগের অন্তর্বর্তী সরকারের আমলে স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের শেষের দিকে নিরাপত্তার আশ্বাস পেয়ে দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হলেও যাত্রাপথে (দুবাই অবস্থানকালে) তাকে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। বর্তমানে সাকিব তাঁর স্ত্রী ও তিন সন্তানসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডে বসবাস করছেন।
দেশের বাইরে থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনই অবসর নিচ্ছেন না জানিয়ে সাকিব বলেন, তিনি এখনও ক্রিকেট উপভোগ করছেন এবং পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট। তবে বয়সের বিষয়টি মাথায় রেখে তিনি দেশে ফিরে একটি বিদায়ী সিরিজ খেলতে চান এবং পরিস্থিতি অনুকূলে থাকলে ২০২৭ সালের টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে মাঠে নামার ইচ্ছা প্রকাশ করেছেন।
