রাজধানীর পল্লবী থানা এলাকায় চলন্ত প্রাইভেটকার থেকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ঢাকা জেলা বিএনপির এক নেতাসহ এক নারী পথচারী আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মিরপুর-১১ নম্বরের মিল্লাত ক্যাম্পের ২ নম্বর লেনে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার মো. মোস্তাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ ব্যক্তি হলেন আলমগীর হোসেন (৪৫)। তিনি পেশায় মাছ ব্যবসায়ী এবং ঢাকা জেলা বিএনপির নবাবগঞ্জ উপজেলা কমিটির সদস্য। তার মাথা ও পেটে গুলির আঘাত লেগেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জোছনা (৫০) নামের এক পথচারী নারী পায়ে গুলিবিদ্ধ হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশীর জানান, “হামলাকারীরা একটি প্রাইভেটকারে এসে আলমগীরকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।”

ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মো. মোস্তাক সরকার জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে— চিহ্নিত মাদক চোরাকারবারি ‘ল্যাংড়া রুবেল’ ও তার সহযোগী পাপ্পু এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।

এদিকে আহত আলমগীরের চাচা মো. আশিক জানান, গাড়িতে থাকা চারজন ব্যক্তি আলমগীরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। রাজনৈতিক কোনো বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হতে পারে বলে পরিবার ধারণা করছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতোমধ্যে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *